করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এখন কম-বেশি আতঙ্কে আছে গোটা বিশ্ব। ভারতের পর করোনার এই ধরন এখন বাংলাদেশেও বাড়-বাড়ন্ত।
তবে এরিমধ্যে বিশ্বের কমপক্ষে ৮৫ দেশে ছড়িয়ে পরা এই উদ্বেগের ধরন নিয়ে আশার কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা। তবে সেই আলোর জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
বিজ্ঞান বিষয়ক ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের আর শক্তি সঞ্চয়ের ক্ষমতা নেই। ডেল্টাই হয়তো এটির সর্বশেষ শক্তি।
প্রতিবেদন অনুযায়ী, এরিমধ্যে করোনা তার শক্তির শীর্ষ পৌঁছে গেছে। এর চেয়ে বেশি শক্তি সঞ্চয় করতে গেলে ভাইরাসটি যে মারণাস্ত্র- স্পাইক প্রোটিন, সেটি ক্ষতিগ্রস্ত হবে।
গেলো দেড় বছর ধরে করোনা ভাইরাস প্রতিনিয়ত রূপ বদলেছে। ভাইরাসের চরিত্রই তাই। সেই রূপ বদলে আলফা, বিটা, গামা, ডেল্টার মতো একাধিক শক্তিশালী ধরন তৈরি করেছে।
যার সব কটিকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ভ্যারিয়্যান্ট অব কনসার্ন’ হিসাবে তালিকাভুক্ত করেছে। এরমধ্যে এসেছে ডেল্টা প্লাস, হাইব্রিড আর ল্যাম্বডা ধরন।
তবে এসব ধরনকে নজরদারিতে রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই এসব ধরন নিয়ে উদ্বেগ না জানিয়েছে সেসবকে ‘ভ্যারিয়্যান্ট অব ইনটেরেস্ট’ তালিকায় রাখা হয়েছে।
আরও পড়ুন: করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ
বিজ্ঞানীদের দাবি, মিউটেশন হতে হতে ভাইরাস একটা সময় দুর্বল হবে। শক্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর ক্লাব হয়ে পড়ে ভাইরাস। সার্স-কোভ-২ ভাইরাসও এখন ক্লান্ত।
‘নেচার’ প্রকাশিত গবেষণা প্রতিবেদনের সঙ্গে যুক্ত আমেরিকার স্ক্রিপস রিসার্চ ট্রান্সলেশনাল ইন্সটিটিউটের বিজ্ঞানী এরিক টোপল বলেন, “সব ক’টি ভ্যারিয়েন্টের মধ্যে ডেল্টাই এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ। মনে হচ্ছে এর চাইতে ভয়াবহ হবার সম্ভাবনা আর নেই”।
গবেষণায় থাকা ইতালির ভাইরোলজিস্ট, পেনসিলভ্যানিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক রবার্টো বুরিয়োনি বলেন ‘‘আমরা গবেষণায় দেখছি, সার্স-কোভ-২-এর ডেল্টা স্ট্রেন খুব সম্ভবত এমন অবস্থায় পৌঁছে গিয়েছে, তার স্পাইক প্রোটিনে আর মিউটেশন ঘটানো সম্ভব নয়। ছোট-খাটো বদলও নয়। এটাই হয়তো ভাইরাসের সর্বশেষ রূপ”।
আরও পড়ুন: কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নামছে সেনাবাহিনী
তিনি জানান, বেশ কয়েক বছর পরে হয়তো সামান্য বদল হবে। যেমন ফ্লু ভাইরাসের ক্ষেত্রে হয়। যার কারণে ফ্লু-এর টিকা নির্দিষ্ট সময় অন্তর আপডেট করতে হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, কমপক্ষে ৮৫টি দেশে ছড়িয়েছে ডেল্টা। আলফা স্ট্রেন মিলেছে ১৭০টি দেশে। বিটা পাওয়া গিয়েছে ১১৯টি দেশে, ৭১টি দেশে গামা।
বিজ্ঞানীদের ধারনা, বর্তমানে গোটা বিশ্বে তাণ্ডব চালাবে ডেল্টা। আর একে রুখতে দ্রুত টিকা করণের বিকল্প নেই বলেও মনে করেন তারা।
একাত্তর/আরএ
