আবারও কাঁচা মরিচের বাজারে উত্তাপ!

বাজারে আবারো বেড়েছে কাঁচা মরিচের দাম। বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। ক্রেতারা দাম নিয়ে অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন, দাম বাজার অনুযায়ী কমই রয়েছে। 

সবজি বাজারে বেড়েছে শশা, চিচিঙ্গা ও লেবুর দাম। মুদি বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু ও ডাল। যোগান কম থাকার অজুহাতে মুরগীর দাম কিছুটা বাড়লেও আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। 

রাজধানীর কারওয়ান বাজারের ঘুরে একটি কাঁচা মরিচের দোকান ঘিরে দেখা গেলো জটলা। কারণ খোঁজ করতে গিয়ে জানা গেল, সেখানে কেজি প্রতি মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকায়, যা অন্য দোকানগুলোর চেয়ে অন্তত ২০ টাকা কম।

এ সপ্তাহে দাম বেড়েছে অন্যান্য সবজিরও। চিচিঙ্গার দাম কেজিতে বেড়েছে ১০ টাকা, শশার ৫ থেকে ২০ টাকা। 

আরও পড়ুন: যেসব জায়গায় ভারী বৃষ্টি হতে পারে

তবে শুধু সবজির বাজারেই নয় মুদিবাজারেও একই হাল। মুদিবাজারে নতুন করে দাম বাড়ার তালিকায় যুক্ত হয়েছে আলু আর ডাল। ডালের দাম বেড়েছে আমদানি অজুহাতে কেজিপ্রতি ৭-৮ টাকা। এলসি না বাড়লে দাম আরো বাড়বে বলেও জানালেন ব্যবসায়ীরা।

বাজাকে মাছের দামও বেড়েছে, যোগান সংকটে দাম বেড়েছে মুরগির মাংসেরও, তবে গরু ও খাসির মাংসের দাম রয়েছে আগের মতই।

রাজধানী ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। প্রতি কেজিতে এক লাফে বেড়েছে ২০ থেকে ৪০ টাকা। দেশজুড়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো বাজারের হাল হাকিকত বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে রাজধানীর বাইরের বাজারেও পেঁয়াজ, আলুসহ সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। 

ঢাকার অদূরের জেলা মানিকগঞ্জের বাজারে একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। পাইকারি বাজারে ভারতের কাঁচা মরিচ ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৬০ টাকায়। 

হঠাৎ কাঁচামরিচের দাম আবারো বাড়ায় ক্ষুব্ধ এখানকার ক্রেতারা। বিক্রেতারা বলছেন আড়তে মরিচের দাম বেশি থাকায় খুচরা বাজারেও দাম বেড়েছে। 

কাঁচা মরিচের পাশাপাশি মানিকগঞ্জে পেঁয়াজ, আলুসহ অন্যান্য সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে ।

কুমিল্লার বাজারেও বেশি কাঁচা মরিচের দাম। কাচাঁ মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৮০ টাকা থেকে ৩০০ টাকা।

চট্টগ্রামের কাঁচাবাজারে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহে কেজি প্রতি ২৮০ টাকা বিক্রি হলেও শুক্রবার বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। 

চট্টগ্রামের ব্যবসায়ীরা বলছেন, যোগান কমায় বেড়েছে মরিচের দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে বেড়েছে রসুনের দামও। রসুনের দাম প্রতি কেজি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। এই বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও কমেছে আদার দাম।

এসব বাজারের বিক্রেতারা বলছেন, অতি মুনাফার লোভে অসাধু কিছু ব্যবসায়ী বাজারকে অস্থির করে তুলছে।

এদিকে বাজার নিয়ন্ত্রণে আনতে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানালেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা।


একাত্তর/এআর