বিপুল পরিমাণ ভেজাল মধুসহ নারী গ্রেপ্তার

সাতক্ষীরার কালীগঞ্জে দুই হাজার ৫০ লিটার ভেজাল মধুসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় কালীগঞ্জের কৃষ্ণনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মরিয়ম বেগম কৃষ্ণনগরের মো. কামাল হোসেনের স্ত্রী।

শুক্রবার সকাল ১০টায় কালীগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি মামুন রহমান, উপ-পরিদর্শক মিলন বিশ্বাস প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে গতকাল কৃষ্ণনগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মরিয়ম বেগমের স্বামী কামাল হোসেন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়েন মরিয়ম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়িতে গোপনে লুকিয়ে রাখা দুই হাজার ৫০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আসামির কাছ থেকে ভেজাল মধু তৈরির মেশিন, চিনিসহ বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়েছে। জব্দকৃত মধুর বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ২৫ হাজার টাকা।

সাতক্ষীরার মধুর সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটি চক্র দীর্ঘদিন যাবত চিনি দিয়ে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করে আসছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অসাধু চক্রটির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: নাটোরে থানা হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলার নির্দেশ

গ্রেপ্তার আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে এবং অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।


একাত্তর/জো