চাঁদপুরে হাসপাতাল সিলগালা, মালিককে জেল-জরিমানা

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত একটি প্রাইভেট হাসপাতালকে সিলগালা করেছে। এসময় হাসপাতালের মালিককে জেল ও জরিমানা করা হয়। 

মঙ্গলবার সকালে চাঁদপুরের কচুয়া পৌরসভা এলাকার সিটি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে সিভিল সার্জন ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। এ সময় চাঁদপুর সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিজ্ঞ চিকিৎসক ছাড়া হাসপাতালে সিজার অপারেশন করায় ক্লিনিকের মালিক দিপু সরকারকে এক লাখ টাকা জরিমানা, ১৫ দিনের জেল ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। 

এছাড়া যেসব ক্লিনিকের লাইসেন্স নবায়ন করা হয়নি সেসব প্রতিষ্ঠানকে ১৫ দিনের ভেতর লাইসেন্স নবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন নির্বাহী কর্মকর্তা।  


একাত্তর/এআর