টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদন করার যন্ত্র/ঘূর্ণায়মান যান্ত্রিক ডিভাইস) ত্রুটির কারণে গত তিন ধরে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ আছে। বর্তমানে কেন্দ্রটিতে জোরেশোরে চলছে ত্রুটি মেরামতের কাজ।
কর্তৃপক্ষ জানিয়েছে, টারবাইন মেরামত শেষে দুই-একদিনের মধ্যে আবারও কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন, ও জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ারুল আজিম জানান, টারবাইন ত্রুটির কারণে ১৬ জুন থেকে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। বর্তমানে ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডের প্রকৌশলীরা ত্রুটি মেরামতে কাজ করছেন।
তিনি বলেন, কেন্দ্রটিতে বর্তমানে ৫০ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। শিগগিরই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও এক লাখ মেট্রিক টন কয়লা আসছে। চলতি মাসের শেষের দিকে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে ভিড়বে।
এর আগে ৩০ জুন থেকে ৯ জুলাই কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বন্ধ ছিল। কাজ শেষে ১০ জুলাই চালু হয়েছিলো বিদ্যুৎ কেন্দ্রটি। এর আগেও যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণসহ নানা সমস্যায় কয়েক দফায় বন্ধ থাকে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি।
আরও পড়ুন: পায়রায় কয়লা নিয়ে ভিড়লো আরও দুই জাহাজ
তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ২৩ ডিসেম্বর ১৩২০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। আর দ্বিতীয় ইউনিট উৎপাদন শুরু চলতি বছরের সেপ্টেম্বরে।
একাত্তর/এসি