লক্ষ্মীপুরে কৃষকদল কর্মীর মৃত্যু রাজনৈতিক হত্যাকাণ্ড নয়: পুলিশ সুপার

লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় কৃষকদলের কর্মী সজীব হোসেন (৩০) নিহতের ঘটনা রাজনৈতিক কোন হত্যাকাণ্ড নয় বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি জানান, টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত জেরেই এ হত্যাকাণ্ড।

আওয়ামী লীগ বলছে, নিহত সজীব একজন পথচারী, রাজনৈতিক কোন কর্মী নয়। তবে, এমনটা মানতে নারাজ সজীবের দল ও স্বজনরা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে দৌড়ে ফিরোজ টাওয়ারের সামনে এসে লোকজনের কাছে প্রাণ বাঁচানোর আর্তনাদ করছেন কৃষক দলের কর্মী সজীব। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে আসে আশেপাশের মানুষ।

অপরদিকে একইসময়ে বিএনপির পদযাত্রাকে ঘিরে লক্ষ্মীপুরে চলছিল পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ। এ কারণে সজীবকে হাসপাতালে নিতে সময়মত অ্যাম্বুলেন্স আসতে পারেনি। যখন সজীবকে হাসপাতালে নেয়া হয়, ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

ফিরোজ টাওয়ার এলাকার স্থানীয়রা বাসিন্দারা জানান, তারা সজিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়নাল আবেদীন বলেন, অনেক আহত মানুষ একইসাথে আসছিলেন। সজিবও একই সময় আসেন। আমরা তাকে চিকিৎসা করার সুযোগ পাইনি। আগেই তার মৃত্যু হয়।

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির দাবি, পদযাত্রায় যোগ দিয়ে ফিরে যাওয়ার সময় রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সজীব।

তিনি বলেন, কলেজ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে।

তবে ভিন্ন কথা জানান লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। তিনি জানান, টাকা-পয়সা লেনদেনের জেরে ব্যক্তিগত শত্রুদের হামলার শিকার হয়েছেন সজীব। তার শরীরে গুলির চিহ্নও নেই।

স্থানীয় আওয়ামী লীগ নেতারাও এই হত্যাকাণ্ডের সঠিক কারণ বের করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: বর্ষায়ও ভোলায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন (এমপি) বলেন, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে এ ঘটনার বিচার দাবি করি। আমরা মনে করি এই ঘটনার সাথে আওয়ামী লীগের কোন নেতাকর্মী যুক্ত নন।

এদিকে সজীবের মৃত্যুতে তার বাড়িতে চলছে শোক। সজীবের হত্যার বিচার চেয়েছেন স্বজনরা।

একাত্তর/আরএ