কুমিল্লায় এক কাভার্ডভ্যানে আরেকটির ধাক্কায় নিহত দুই

কুমিল্লার চান্দিনায় একটি কাভার্ডভ্যানের পেছনে আরেক কাভার্ডভ্যানের ধাক্কায় চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে কাভার্ডভ্যান চালক আজিজুল হক (৩৪) এবং তার আপন ভাই ও সহকারী রবিউল হক। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে থাকা চট্টগ্রাম-মুখী একটি কাভার্ডভ্যানকে অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি সড়কের পাশে পড়ে গিয়ে চালক ও তার সহকারী নিহত হন। 

আরও পড়ুন: কিশোরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করেছে। তবে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে। 

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন। 


একাত্তর/পিএজে/এসজে