মাগুরায় স্ত্রীর ছুরিকাঘাতে নাপিতের মৃত্যু

মাগুরায় স্ত্রীর ছুরিকাঘাতে এক নাপিতের মৃত্যু হয়েছে। রোববার সকালে মাগুরা পৌরসভার সাহাপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম লাভলু দাস। অভিযুক্ত স্মৃতি দাস আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহতের প্রথম পক্ষের স্ত্রী লক্ষ্মী দাস জানান, তিনি ছেলে-মেয়েসহ শহরের নিজনান্দুয়ালী এলাকায় নিজ বাড়িতে থাকেন। লাভলু কিছুদিন আগে তাকে না জানিয়ে খালাতো বোন স্মৃতি দাসকে বিয়ে করেন। 

লক্ষ্মী দাস বলেন, স্মৃতি দাস শহরের সাহাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। সেখানে লাভলুর নিয়মিত যাতায়াত ছিল। 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, সকালে পারিবারিক কলহের জেরে লাভলুকে ছুরিকাঘাত করেন স্মৃতি। আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: জামালপুরে সাবেক যুবলীগ নেতা খুন, আটক সাত

ওসি আরও জানান, অভিযুক্ত স্মৃতি দাসকে পুলিশি পাহারায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসজে