মুন্সিগঞ্জ থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে জেলার লৌহজং উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১০ ও র্যাব সদর দপ্তরের আভিযানিকদল। তবে অন্য দুই জনের নাম এখনও প্রকাশ করা হয়নি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের জানিয়েছেন, আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
এর আগে ২৩ জুন রাতে রাজধানীর ডেমরা এলাকা নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা (মোস্ট ওয়ান্টেড) শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), আনসার আল ইসলাম, হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজিবি)- এসব সংগঠন থেকে সদস্য এনে নতুন জঙ্গি প্ল্যাটফর্ম তৈরিতে শামিনের ভূমিকা অগ্রগণ্য।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, পার্বত্য এলাকায় জঙ্গি কার্যক্রমের সময় সংগঠনের সদস্যদের কাছে এই নামে বার্তা আদান-প্রদান করেন। শামিনের বিরুদ্ধে বান্দরবানের থানচি ও যাত্রাবাড়ী থানায় পাঁচটি মামলা থাকার তথ্য মিলেছে।
পাহাড়ে প্রশিক্ষণ, ভারী অস্ত্র সংগ্রহসহ জঙ্গি সংগঠনের মূল সমন্বয়কের ভূমিকা পালন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক। পাহাড়ি ক্যাম্প থেকে পালিয়ে আসা এক জঙ্গির কাছ থেকে চাঞ্চল্যকর এ তথ্য পেয়েছে সিটিটিসি।
আরও পড়ুন: ঝালকাঠির বাস দুর্ঘটনায় পুলিশের মামলা, আসামি তিন
সিটিটিসি প্রধান আসাদুজ্জামান জানান, শামিনের নির্দেশে পাহাড়ে সেনা সদস্যদের ওপর হামলার করা হয়।
তিনি আরও জানান, জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের পর আত্মসমর্পণের প্রস্তাব দেয় পাহাড়ে তাদের আশ্রয়দাতা বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের প্রধান নাথান বম। কিন্তু হিন্দাল শারক্বিয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেন।
একাত্তর/এসি