মেহেরপুরে জামায়াতে ইসলামীর আট নারী কর্মী গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার খাঁনপুর গ্রাম থেকে জামায়াতে ইসলামীর আট নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে। সরকার বিরোধী নাশকতামূলক কার্যকলাপ, উগ্র জনমত সৃষ্টির পরিকল্পনা সভা করার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

বুধবার দুপুরে মুজিবনগর উপজেলার খাঁনপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে অভিযান  চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হচ্ছেন: খাঁনপুর গ্রামের আবু সিদ্দিকীর স্ত্রী জামায়াতের নারী নেত্রী রেবেকা খাতুন (৩৫), একই গ্রামের সুমন আলীর স্ত্রী জেসমিন খাতুন (৩৪), ফিরোজ আলীর স্ত্রী নাসিমা খাতুন (৩৫), আসাদুল হকের স্ত্রী কুলচম খাতুন (৩৮), মনোয়ার হোসেন এর স্ত্রী জুলেখা খাতুন (২১), শরিফ উদ্দীনের স্ত্রী শান্তনা খাতুন (৩২), মুকুল আলীর স্ত্রী শামসুন্নহার (৩৭), শরিফুল ইসলামের স্ত্রী সালমা খাতুন (৩১)।

মুজিবনগর থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাঁনপুর গ্রামের আবু সিদ্দিকের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। এসময় জামায়াতের আট নারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ওসি আরও জানান, সরকার সম্পর্কে বিদ্বেষ ও মিথ্যা তথ্য ছড়িয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তারা এলাকার সহজ-সরল নারীদের একত্রিত করে গোপন সভা করছিলেন।

গ্রেপ্তার আটজনসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তারদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


একাত্তর/এআর