ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা নির্মাণ শ্রমিক শহিদুল ইসলাম গরু বিক্রি করে পরিশোধ করেন এনজিওর ঋণ। পরে নিজেকে পবিত্র করতে এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি। এ ঘটনায় শেরপুরের নালিতাবাড়ীতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।
শহিদুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার পশ্চিম শিমুলতলা গ্রামের নির্মাণ শ্রমিক। কিছুদিন আগে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে সেই টাকায় কেনেন একটি বকনা বাছুর, করান নিজের চিকিৎসা। তবে ঋণ পরিশোধে প্রতি সপ্তাহে ১৩শ’ টাকা কিস্তি দিতে হিমশিম খাচ্ছিলেন তিনি।
চাপ বাড়ছিলো ঋণ পরিশোধে এনজিও কর্মীদেরও। অবশেষে ৫৫ হাজার টাকায় নিজের শেষ সম্বল একটি গরু বিক্রি করে পরিশোধ করেন এনজিওর ঋণ। এরপর ৪০ লিটার দুধ কিনে সেই দুধ দিয়ে গোসল করেন। শপথ করেন, ভবিষ্যতে আর কখনো সুদের ওপর টাকা নেবেন না তিনি।
নির্মাণ শ্রমিক শহিদুল ইসলাম বলেন, কিস্তির চাপে তার সংসারে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিলো। তাই তিনি শেষ সম্ভব গরু বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করেন।
শহিদুল বলেন, ‘জীবনে আর ঋণ নেব না’।
তার এমন কর্মকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শুরু হয় চাঞ্চল্য। কেউ বলছেন দুধ দিয়ে গোসল করা ধর্মের দৃষ্টিতে সঠিক নয়। কেউবা আবার বলছেন সঠিক কাজ করেছেন শহিদুল ইসলাম।
আরও পড়ুন: জয়পুরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায় গরুর লাম্পি স্কিন রোগের প্রকোপ
শহিদুল ইসলামের তিন মেয়ে। সবার বড় মেয়ে পড়াশোনা করছে দশম শ্রেণিতে, বাকিরা পড়ে সপ্তম ও পঞ্চম শ্রেণিতে।
একাত্তর/আরএ