বাগেরহাটের ফকিরহাটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি পরিবহন বাসের ধাক্কায় এক গ্রাম পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের মূলঘর ইউনিয়নের ফলতিতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঠাকুর দাস বালা (৫৩) উপজেলার মূলঘর ইউনিয়নে কাঁঠালবাড়ি এলাকার বিনোদ বালার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফলতিতা বাজার এলাকায় ঠাকুর দাস বালা রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি পরিবহন তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মারাত্মক আহত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে তার মৃত্যু হয়।
মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিটলার গোলদার জানান, নিহত ঠাকুর দাস বালার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
আরও পড়ুন: রূপগঞ্জ থেকে চুরি হওয়া তেল বোঝাই পিকআপ উদ্ধার, আটক পাঁচ
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, বাসটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সিসিটিভি ফুটেজসহ নানা উপায়ে ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
একাত্তর/জো