চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে দেশের উপকূলের এলাকাগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

কক্সবাজারে মঙ্গলবার ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে চারটি মাছধরার নৌকাডুবি হয়েছে। অন্য ট্রলারের সহায়তায় থাকা জেলেদের সবাই নিরাপদে ফিরলেও এখনও একজন জেলে নিখোঁজ আছেন।

ট্রলার মালিক সমিতির নেতারা বলছেন, সাগর উত্তাল হওয়ার পর থেকে ৩০ থেকে ৪০টি ফিশিং ট্রলারের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না।

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পাশাপাশি বইছে দমকা হাওয়া। সাগর, নদী উত্তাল থাকায় চরমোন্তাজ, মৌডুবি, কোড়ালিয়া, নিজকাটাসহ বিভিন্ন এলাকার অনেক জেলে মাছ না ধরে তীরে ফিরেছেন।

বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে রাঙ্গাবালী উপজেলা।

পটুয়াখালীর কলাপড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মঙ্গলবার দুপুরে ৫১ জন জেলে নিয়ে তিনটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে ভাসমান অবস্থায় ৩৪ জেলেকে উদ্ধার করে অন্য ট্রলারের জেলেরা। বাকী ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সেখানেও নিম্নচাপের কারণে বইছে ঝড়ো বাতাস, উত্তাল রয়েছে সাগর।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


একাত্তর/জো