মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদী রসকাঠি অংশে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত আট জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে নৌবাহিনীর ডুবুরি দল।
রোববার সকাল থেকে তারা উদ্ধার অভিযান শুরু করে। এর আগে বৈরি আবহাওয়া ও নদীতে প্রচণ্ড স্রোত থাকায় শনিবার দিবাগত রাত দুইটার দিকে উদ্ধার অভিযান সেদিনের মতো শেষ করা হয়।
ঢাকা হেড কোয়ার্টারের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারোল হক জানান, সকাল থেকে উদ্ধার অভিযান আবারও শুরু করা হয়েছে। এখন পর্যন্ত আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচ জন এখনও নিখোঁজ।
শনিবার রাত আটটার দিকে উপজেলার তালতলা-ডহুরী খালের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় ট্রলারটি ডুবে যায়। নারী-শিশুসহ এ পর্যন্ত আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ডুবে যাবার সময় ট্রলারটিতে অন্তত ৪৬ জন যাত্রী ছিলো। তাদের মধ্যে ১৯ জন সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন। আর বাকিদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
একাত্তর/এসি