শালিসে নারীকে মারধর, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪

চাঁদপুরের কচুয়ায় শালিসে প্রকাশ্যে এক নারীকে মারধরের ঘটনায় ইউপি সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, ভুক্তভোগী আকলিমা আক্তারের অভিযোগের প্রেক্ষিতে ১৭ জন এজাহার নামীয় এবং আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের চাঁদপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি ইব্রাহিম।

মামলার বিবরণী থেকে জানা গেছে, বুধবার দুপুরে কচুয়া উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমেদ তার বাড়িতে আকলিমাকে ডেকে নিয়ে তার দ্বিতীয় বিয়ের বিষয়ে শালিস বসায়।

আকলিমা জানান, শালিসের সময় তার প্রথম পক্ষের ভাসুর আনোয়ারের ছেলে আলমগীর সবার সামনেই তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

রাতে কচুয়া থানায় ভুক্তভোগী নারী অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক ইউপি সদস্য ফরিদ আহমেদ ও তার ভাই জসিমসহ চারজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক


একাত্তর/আরএ