রাঙ্গাবালীতে বনায়ন গড়তে ১২ হাজার গাছের চারা বিতরণ

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরাঞ্চলে নতুন বনায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপকূলীয় এলাকার জনগোষ্ঠীকে প্রাকৃতিক দুর্যোগ থেকে জানমাল রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এ উদ্যোগ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয় জনগোষ্ঠীর বসতভিটা ও পতিত জমিতে এসব বনায়ন করা হবে। 

এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির বন বিভাগের দেওয়া ১২ হাজার ১৪২টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। 

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারে চেক হস্তান্তর করছেন বরিশাল বিভাগীয় কমিশনার: ছবি: একাত্তর

গাছের চারা বিতরণের পর বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করে তিনি। 

পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  মোহাম্মদ সালেক মূহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন।