কুমিল্লায় স্বামী হত্যায় স্ত্রীসহ চার জনের ফাঁসি, মেয়ের যাবজ্জীবন

কুমিল্লায় প্রবাস ফেরত এক ব্যক্তিকে স্ত্রী-কন্যাসহ অন্যরা মিলে শ্বাসরোধে হত্যার অভিযোগে চার জনের ফাঁসির আদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজা পাওয়া আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

যাদের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তারা হলেন- স্ত্রী হাছনেয়ারা বেগম ওরফে হাছেনা, মো. আমির হোসেন, মো. শাহজাহান ও মো. মোস্তফা। তাদের মধ্যে হাছেনা ছাড়া সবাই পলাতক রয়েছেন।

কুমিল্লায় গৃহস্থকে শ্বাসরোধে হত্যায় ফাঁসি ও যাবজ্জীবন সাজার আসামিরা। ইমেজ: একাত্তর

যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে মোছা. খাদিজা বেগম ওরফে খোদেজাকে। তিনি সম্পর্কে ভিকটিমের মেয়ে। সব আসামির বাড়ি জেলার চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের কাদুটির কাশারীখোলা গ্রামে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালে ২২ নভেম্বর ওই গ্রামে প্রবাস ফেরত সহিদ উল্লাহকে স্ত্রী-কন্যাসহ পাঁচ জন মিলে শ্বাসরোধ করেন। পরে মরদেহ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ধান ক্ষেতে ফেলে দেওয়া হয়। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাড. জাকির হোসেন। তিনি বলেন, ওই ঘটনায় নিহতের ভাই হাবিব উল্লাহ বাদি হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষ আট জনের সাক্ষ্য শেষে এ রায় দেন।