বিজিবির অভিযানে বেনাপোলে তিন কেজি স্বর্ণ ও প্রাইভেটকার জব্দ

বেনাপোলে অভিযান চালিয়ে প্রায় তিন কেজি স্বর্ণ ও একটি প্রাইভেটকার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। আটক করা হয়েছে তিন পাচারকারীকে।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিজিবির খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এ অভিযান চালায় বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান।

অভিযানে ভারতে পাচার করার সময় দুই কেটি ৯৪০ গ্রামের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক করা হয় একটি প্রাইভেটকার। স্বর্ণ ও কারের আনুমানিক বাজারমূল্য দুই কোটি সাতানব্বই লাখ টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, বিজিবির খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোরের বেনাপোল থানার দৌলতপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে।

তখন খুলনা ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল দৌলতপুর গ্রামের বারোপোতা বাজারের উত্তর দিকে পাকা রাস্তার পার্শ্বে অবস্থান নেয়। সকাল ১১টার দিকে বেনাপোল থেকে দৌলতপুরের দিকে একটি সাদা রঙের প্রাইভেটকার আসতে দেখে তারা সেটিকে থামায়।

মোহাম্মদ তানভীর রহমান জানান, এরপর ওই প্রাইভেটকার থেকে ঝিনাইদহের সাইদুর রহমান মাজেদ এবং যশোরের মো. সাইফুল ইসলাম ও মো. মাসুদ চৌধুরী বাবুর দেহ তল্লাশি করে চারটি সোনার বার পাওয়া যায়। এসব বার একজনের শরীরে টেপ দিয়ে আটকানো ছিল।