ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসটির তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোর চারটার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ব্রিজের ওপর এই সড়ক দুর্ঘটনা ঘটে।
হাষাড়া হাইওয়ে সহকারী পুলিশ সুপার মো. আব্দুল কাদের জিলানী জানান, ভোরে কুচিয়ামোড়া ব্রিজের ওপর চাকা ফেটে যাওয়া একটি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় কুয়াকাটা থেকে ঢাকা যাওয়া লাবিবা পরিবহনের একটি বাস ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তিনি জানান, নিহতদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ রয়েছেন। নিহত নারীর নাম হাসিনা বেগম (৪০)। তিনি চট্টগ্রাম জেলায় সন্দ্বীপ থানায় বাসিন্দা। বাকি দুই জনের পরিচয় এখন পাওয়া যায়নি।