নীলফামারীতে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। র্যাবের দাবি, আটক ব্যক্তি অস্ত্র বেচা-কেনা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
সোমবার দুপুর সোয়া দুইটার দিকে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা জেলার ডিমলা উপজেলার ভেণ্টিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
তার নাম মো. তরিকুল ইসলাম ওরফে পিচ্চি লিটন (৩৩)। তিনি জেলা সদরের কচুকাটা ইউনিয়নের কচুকাটা গ্রামের বাসিন্দা।
বিকেলে নীলফামারী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম।
তিনি জানান, আটক ব্যক্তি পেশায় বাসচালক। কিন্তু এর আড়ালে তিনি আগ্নেয়াস্ত্র কেনা-বেচা ও ছিনতাই করে আসছিলেন।
আরফাত জানান, জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ভেণ্টিয়াপাড়া গ্রামে বেশ কিছুদিন ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এতে র্যাবের গোয়েন্দারা নজরদারি বাড়ায়। সোমবার দুপুরে ওই এলাকা অস্ত্র বেচা-কেনার খবর পায় র্যাব। অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তরিকুলকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
তিনি জানান, তারিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা অস্ত্রটি ছিনতাই, নাশকতার কাজে ভাড়াএবং নিজে ব্যবহার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ডিমলা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ময়নাতন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে।
রোববার রাতে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া গ্রামের তিস্তা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করে ডিমলা থানা পুলিশ।
মরদেহটি সীমান্তের ওপার থেকে ভেসে আসতে পারে উল্লেখ করে পুলিশ জানায়, উদ্ধার মরদেহটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।
এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোমবার সকালে নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।