তিস্তা নদীতে মিললো অজ্ঞাত যুবকের মরদেহ

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলার মর্গে পাঠানো হয়। এর আগে রোববার রাতে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া গ্রামের তিস্তা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করে ডিমলা থানা পুলিশ।

এলাকাবাসীর বরাতে ডিমলা থানা পুলিশ জানায়, পানির স্রোতে উজান থেকে ভেসে এসে ওই গ্রামের তিস্তা নদীর ধারে একটি বাঁশঝাড়ের কিনারে মরদেহটি আটকে ছিলো। সেটি দেখে এলাকার লোকজন ৯৯৯ -এ খবর দিলে ডিমলা থানা পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে।

খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম শাহিন ঘটনার জানান, স্থানটি ভারতীয় সীমান্তের কাছাকাছি হওয়ায় ধারণা করা হচ্ছে মরদেহটি ভারত থেকে ভেসে এসেছে।

ডিমলা থানার পরিদর্শক মো. লাইছুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের স্থান থেকে ভারতীয় সীমান্তের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এলাকায় কারো নিখোঁজ হওয়ার খবর নেই। তাই ধারণা করা হচ্ছে সীমান্তের ওপার থেকে অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে এসেছে।

তিনি জানান, মরদেহের বিভিন্ন অংশে পচন ধরেছে। বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোমবার সকালে নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।