মেঘনার তীর রক্ষা বাঁধে ধস, ভাঙনের হুমকিতে লঞ্চ ও ফেরিঘাট

ভোলায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মেঘনা। তীব্র স্রোতের আঘাতে সদর উপজেলার ইলিশা এলাকায় মেঘনা নদীর তীর সংরক্ষণের দুটি স্পটে হঠাৎ করে ৭০ মিটার সিসি ব্লক ধ্বসে গেছে। এতে ভাঙনের হুমকিতে পড়েছে শহর রক্ষা বাঁধসহ ইলিশা এলাকার তিনটি লঞ্চঘাট ও দুটি ফেরিঘাটসহ বহু স্থাপনা। পরিস্থিতি সামাল দিতে জরুরিভাবে জিও ব্যাগ ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। 

মেঘনার তীব্র স্রোত আর ঢেউয়ের আঘাতে কয়েকদিন আগে ভোলা সদর উপজেলার ইলিশা তীর সংরক্ষণের দুটি স্পটে সিসি ব্লক ধসে যায়। এছাড়াও ফাটল দেখা দেয় বাঁধের দুটি স্থানে। এতে ভাঙনের ঝুঁকিতে আছে একটি ফেরিঘাট, তিনটি লঞ্চঘাটসহ অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।

এলাকার মানুষ বলছেন, দুই বছর আগে সিসি ব্লক নির্মাণ প্রকল্পের কাজ শেষ হওয়ায় তারা অনেকেই জমি কিনে ঘরবাড়ি তৈরি করেছিলেন। কিন্তু ব্লক ধস শুরু হওয়ায় আতঙ্কে আছেন তারা। 

ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন বলেন, ডুবোচরের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। তাই নদী খনন করলেই কেবল ভাঙন ঠেকানো যেতে পারে। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ব্লক ধসে পড়া এলাকায় জরুরি ভিত্তিতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। 

ভোলা জেলায় ৩৩৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে স্থায়ী বাঁধ মাত্র ৪৭ কিলোমিটার। বাকি বাঁধের ৫৫ কিলোমিটার জিওব্যাগ ডাম্পিং করা। বাকি ২৮৭ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।