খাগড়াছড়িতে ভারতীয় সিগারেট উদ্ধার

খাগড়াছড়ি থেকে কয়েক লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার করেছে সদর থানা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

মঙ্গলবার জেলা সদরের ট্রাস্ট ব্যাংকের পেছনে একটি টিনের ঘর থেকে ১৫ বস্তা অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ২১ লাখ ৫৮ হাজার আটশ’ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) কাজী মোহাম্মদ আব্দুর রহিমের নেতৃত্বে রাত সাড়ে ৯টা থেকে প্রায় ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এ সব অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তবে এর মূল হোতাদের ধরতে পারেনি পুলিশ।