মেহেরপুরে ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত এক

মেহেরপুরে ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারীসহ পাঁচজন।

বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের কোলারমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের মাসুদ রানা (৪৮)। তিনি পেশায় দলিল লেখক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, কোর্টমোড় থেকে ইজিবাইকটি ছয়জন যাত্রী নিয়ে গাংনীর উদ্দেশে রওনা দেয়। দ্রুতগতির ইজিবাইকটি মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের কোলারমোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন মাসুদ রানা ও ইজিবাইকচালকসহ আরও পাঁচ যাত্রী।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি দল। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে মৃত্যু হয় মাসুদ রানার।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।