ঢাকা-ভাঙ্গা রুটে ১২০ কি.মি. বেগে পরীক্ষামূলক ট্রেন চলাচল

পদ্মা সেতু হয়ে মাওয়া-ভাঙ্গা রেলপথে ১২০ কিলোমিটার বেগে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে ৬০ কিলোমিটার থেকে শুরু করে চারটি ট্রিপে ক্রমান্বয়ে বিশ কিলোমিটার করে বাড়িয়ে ১২০ কিলোমিটার গতি অর্জন করে ট্রেনটি।

শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে সকাল ৯টা ৬ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া স্টেশনে এসে পৌঁছায়। পরীক্ষামূলক এই ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার।  

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশে রেল চলাচলের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এই পরীক্ষামূলক ট্রেন চলাচল করছে।

সকাল ৯টা ৩০ মিনিটে মাওয়া রেল স্টেশন থেকে পুনরায় পরীক্ষামূলক ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়। সে সময়ে ট্রেনের গতিসীমা বাড়িয়ে করা হয় ঘণ্টায় ৮০ কিলোমিটার।

এরপর ১০টা ৪০ মিনিটে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশ্যে আবার ছাড়া হয় ট্রেন। এ সময়ে গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

সবশেষে ১১টা ৩০ মিনিটে ১২০ কিলোমিটার গতি নিয়ে মাওয়া থেকে পুনরায় ট্রেনটি ছেড়ে যায় ভাঙার উদ্দেশ্যে।