গাইবান্ধায় ঝগড়া থামাতে গিয়ে যুবকের এলোপাথাড়ি ছুরিকাঘাতে এক ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে জেলার পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে ওই ইউপি সদস্যের বাড়ির সামনের এ ঘটনা ঘটে। এ ঘটনায়
নিহতের নাম বাদশা মিয়া (৫০)। তিনি বেতকাপা ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয়রা জানান, রাতে এলাকায় ছিচকে চুরি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় স্থানীয় কয়েকজন যুবককে প্রহরী নিয়োগ করা হয়।
ওই প্রহরীরা এলাকায় ঘোষণা করেন যে, বিনা প্রয়োজনে রাত ১০টার পর বাড়ির বাইরে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না।
সোমবার রাত ১২টার দিকে একই গ্রামের পাপুল আকন্দের পথরোধ করেন প্রহরী খায়রুল। এ নিয়ে দুই জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে যান ওয়ার্ড সদস্য বাদশাসহ অন্যরা। এসময় উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে পাপুল তার হাতে থাকা ছুরি দিয়ে বাদশা মিয়াসহ পাশের লোকজনকে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে বাদশাসহ প্রতিবেশী দুই সহোদর গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দিবাকর অধিকারী জানান, অভিযুক্ত পাপুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।