করোনার উচ্চ সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত রোববার ৪র্থ দিনেও লক্ষ্মীপুরে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। তৎপর রয়েছে ভ্রাম্যমাণ আদালতও।
গত ২৪ ঘণ্টায় লকডাউন অমান্য করায় ২১৩ জনের বিরুদ্ধে মামলায় ২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জ উপজেলায় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে জেলা প্রশাসক কার্যালয়ের গঠিত ১৮টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেটরা।
জেলায় বন্ধ রয়েছে সকল ধরনের গণ-পরিবহন। শুধুমাত্র কিছু সংখ্যা রিকশা ও অটোরিকশা চলাচল করছে। পাশাপাশি ৫টি উপজেলার প্রতিটি শপিংমলসহ দোকান-পাট বন্ধ রয়েছে। সব সড়ক রয়েছে ফাঁকা।
সকাল থেকে জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। তবে, খেটে খাওয়া শ্রমজীবীরা পড়ছেন চরম দুর্ভোগে। মাঝে মধ্যে জরুরী পরিসেবায় নিয়োজিত কিছু যানবাহন চলাচল করতে দেখা যায়।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, লকডাউন বাস্তবায়ন করতে জেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে শহরে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। লকডাউনের প্রথম দুইদিনে ২১৩টি মামলায় ২লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এটি অব্যাহত থাকবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু
এদিকে সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জানান, গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যুসহ এ পর্যন্ত মারা গেছেন ৫৫ জন। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩,৩৩১ জনের। করোনা উপসর্গসহ মোট মারা গেছে ৭৮ জন।
একাত্তর/আরএ