জামালপুরে চার মাসের শিশুকে বাড়িতে দুধপান করাতে গিয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। রোববার দুপুরে জেলার বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম রেবেকা সুলতানা রিক্তা (৩৬)। তিনি দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামের আল আমিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, রিক্তা তার চার মাসের শিশুকে বুকের দুধ পান করতে দুপুরে অটোরিকশা যোগে বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছে পৌঁছে রিকশা থেকে নামলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।