সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

সিলেটে পিকআপের সঙ্গে সিএন‌জিচা‌লিত অটো‌রিকশার সংঘর্ষে পুলিশের এক সহকারী উপপ‌রিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। 

রোববার রাত ৯টার দিকে সিলেট নগরের আম্ব‌খানা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ওই পুলিশ কর্মকর্তার নাম বোরহান উদ্দিন (৩৫)। তনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের কা‌ন্দিগ্রামের গ্রামের মৃত হযরত উল্লাহর ছেলে। বোরহান সিলেট মহানগর পু‌লিশের বিমানবন্দর থানা আম্বরখানা ফাঁড়িতে কর্মরত ছিলেন।        

স্থানীয়রা ও পু‌লিশ জানিয়েছে, বোরহান ডিউটি শেষে সিএন‌জিচা‌লিত অটো‌রিকশায় করে আম্বরখানা ফাঁড়ির দিকে ফির‌ছিলেন। সিএন‌জিচা‌লিত অটো‌রিকশা‌টি ওই এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমু‌খি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মে‌ডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সিলেট মহানগর পু‌লিশের উপক‌মিশনার আজবাহার আলী শেখ বলেন, দুর্ঘটনার সময় অটো‌রিকশায় বোরহান একাই ছিলেন বলে প্রাথ‌মিকভাবে জানা গেছে। পিকআপ ও সিএনজিচা‌লিত অটো‌রিকশা জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে প‌রিবারে হস্তান্তর করা হবে।