ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ গণমাধ্যমে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরপুগামী ফাইয়াজ অ্যান্ড তাজ পরিবহনের বাসটি শিকারীকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়।
এসময় পিকআপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। আর বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে সেখানে থাকা বিলবোর্ডের পিলারে ধাক্কা খায়। এসময় বিলবোর্ডটি ভেঙে পড়ে এবং বাসটির সামনের অংশ দুমড়েমুচমুড়ে যায় বলে জানান তিনি।
এতে ঘটনাস্থলেই তিনজন ও ময়মনসিংহ মেডিকেলে আরও একজনের মৃত্যু হয়। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দু'টি জব্দ করা হলেও চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।