টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনির বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদি মির্জা আফরোজা এশার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে টাঙ্গাইলের থানাপাড়া এলাকা থেকে সৌরভ পাল নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দুপুরে এশার বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রাতেই এশাকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ এনে তার বড় ভাই জনি মির্জা ও সৌরভ পালকে আসামি করে মামলা করেন এশার বোন লুনা মির্জা।
পরে সৌরভ পালকে শহরের থানাপাড়া থেকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানার পুলিশ। সৌরভ থানাপাড়ার শ্যামল পালের ছেলে।
গেলো এপ্রিলে টাঙ্গাইল বাস কোচমিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া ওরফে বড় মনির বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন এশা। এতে তিনি বড় মনির ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্তা হওয়ার অভিযোগ আনেন। পরে এশা সন্তান জন্ম দিলে তার ডিএনএ পরীক্ষা করে পুলিশ। তবে সেই ডিএনএ রিপোর্টের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন এশা।