নড়াইল জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৭ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ৫৮ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও চারজনের। তবে শনাক্ত বাড়লেও জেলায় চলছে ঢিলেঢালা 'কঠোর বিধিনিষেধ'। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই।
বৃহস্পতিবার (৮ জুলাই) নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নড়াইলে গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন ৫১ জনসহ জেলায় এ পর্যন্ত তিন হাজার ১৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট সুস্থ্য হয়েছে দুই হাজার ২৮২জন। করোনায় আরও চার জনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত জেলায় মারা গেছেন ৫৪ জন। এ নিয়ে গত দুই মাসে নড়াইলে করোনায় ৩২ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ
এদিকে শনাক্ত বাড়লেও ভেঙে পড়েছে নড়াইলের 'কঠোর বিধিনিষেধ' ব্যবস্থা। আগের দিনগুলোর তুলনায় আজ পায়ে হাটা মানুষ ও ভ্যান গাড়ী চলাচল বেশি ছিল। অনেকটা ঢিলেঢালাভাবে চলছে বিধিনিষেধ। তবে রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে। সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ শহরের প্রধান প্রধান সড়কে টহল দিচ্ছে। সেনাবাহিনীর তিনটি ও বর্ডার গার্ড বাংলাদেশের একটি টিম জেলা প্রশাসনের সাতটি মোবাইল টিমের সাথে কাজ করছে।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলায় কঠোর বিধিনিষেধ না মানার অপরাধে ২০টি মামলায় ২৩ হাজার ১০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
একাত্তর/আরবিএস