সুন্দরবনে হরিণ শিকারে গিয়ে আটক ১০

পূর্ব সুন্দরবনের দুবলার জামতলা এলাকায় হরিণ শিকারের সময় শিকারি চক্রের ১০ সদস্যকে আটক করেছে বনরক্ষীরা।

সোমবার রাতে শিকারি চক্রের সদস্যদের আটকের সময় তাদের কাছ থেকে তিনটি দা ও একটি কুড়াল জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

রেঞ্জ কর্মকর্তা মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুবলা ফরেস্ট টহল দলের সদস্যরা হরিণ শিকারের প্রস্তুতির সময় বনের মধ্য থেকে ১০ জনকে আটক করেছে। আটকরা রাসমেলা উপলক্ষে পুণ্যার্থী হিসেবে দুবলার আলোরকোলে এসেছিলেন। 

তিনি আরও জানান, আটকরা খুলনার ডুমুরিয়া ও দাকোপ পাইকগাছা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বনবিভাগীয় আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।