ছোট ভাইকে হত্যা মামলায় বড় ভাই গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে ছোট ভাই সাজু হোসেনকে (২৭) হত্যার মামলায় বড় ভাই হেলাল হোসেন রাজুকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হেলাল হোসেন রাজু ওই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে এবং নিহত সাজু হোসেনের আপন বড় ভাই। 

শনিবার সকালে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত ৬ ডিসেম্বর বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামে সাজু ও রাজুর মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাই রাজু ছোট ভাই সাজুর দিকে ইট ছুঁড়ে মারেন। এতে সাজু গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সাজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই রাজু পালিয়ে যান। 

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক জানান, শনিবার ভোররাতে হেলাল তার নিজ বাড়িতে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজুকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরবর্তীতে তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান জানান, হেলালকে থানায় হস্তান্তর করার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।