জামালপুরে বাস-লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছয়জন ।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের তিতপল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার আনোয়ার হোসেন (৪০) ও জামালপুর সদরের ছোনটিয়া গ্রামের শামছুল হোসেন (৫২)। তারা দুজন সবজি ব্যবসায়ী।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, ঢাকাগামী সাদনান পরিবহনের একটি বাসের সঙ্গে টাঙ্গাইলের ধনবাড়ি থেকে আসা লেগুনা ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাতে থাকা দুই ব্যবসায়ী নিহত হন। এসময় আরও ছয়জন যাত্রীরা আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।