ঠাণ্ডায় স্থবির হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। রোববার এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শুক্রবার এই জেলায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি থাকলেও রোববার তা নেমে এসেছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।
চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, গত ছয়দিনে চুয়াডাঙ্গার তাপমাত্রা ১৪ ডিগ্রির নিচে অবস্থান করছে। রোববার সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিললেও শীত থাকছে সারাদিনই। তীব্র শীতের কারণে রাস্তাঘাট থাকছে ফাঁকা।
এদিকে শীতে জেলার ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছেন। বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে মানুষ ভিড় করছেন।
এর আগে শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।