বরিশাল-২ আসনে গানে গানে ভোট চাইছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস। সুরের সাথে সাথে দিচ্ছেন নানা আশ্বাস। গ্রামের সাধারণ মানুষও তাকে দেখে বেশ উচ্ছ্বসিত। তবে সকলেই বলছেন, দল বা প্রতীক নয়, পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন তারা। আর নকুল কুমার বলছেন, নির্বাচন সুষ্ঠু হলে জিতবেন তিনি।
গলায় হারমোনিয়াম নিয়ে উজিরপুর-বানারীপাড়ায় গানে গানে গামছা মার্কায় ভোট চাইছেন শিল্পী নকুল কুমার বিশ্বাস। তবে অন্যের জন্য নয়, নিজের জন্য।
কিছুদিন আগে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিয়েছেন নকুল কুমার বিশ্বাস। বরিশাল-২ আসনে প্রার্থী হয়ে সুষ্ঠু নির্বাচনে জয়ের আশা করছেন তিনি।
‘এবার ভোট সুষ্ঠু হবে কিনা জানতে চান ভোটাররা’ উল্লেখ করে নকুল কুমার বিশ্বাস বলেন, আমিও আশ্বাস দিয়েছি এবার ভোট সুষ্ঠু হবে।
নকুল বিশ্বাস আরও বললেন, মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করতেই তিনি নির্বাচনে এসেছেন। রাজনীতি নয়-কাজনীতিতে, তথাকথিত গণতন্ত্রে নয়-মনতন্ত্রে বিশ্বাসী তিনি।
গামছা মার্কার এ প্রার্থী বলেন, মমতার সাথে ক্ষমতা এক করতে চাই। কারণ, মমতা আর ক্ষমতা একসঙ্গে না হলে একটা মানুষের দ্বারা সত্যিকার অর্থে দেশের সেবা মানুষের সেবা পূর্ণাঙ্গভাবে হয় না।
এই এলাকারই মানুষ নকুল কুমার বিশ্বাসকে একনজর দেখার জন্য ছুটে আসছেন গ্রামবাসী। পছন্দের শিল্পীকে কাছে পেয়ে খুশি তারাও।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে এবার নৌকার প্রার্থী হয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট রাশেদ খান মেনন। প্রায় ২৮ বছর পর জন্মভূমি বরিশাল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। তাই সহজ হচ্ছে না নকুল বিশ্বাসের নির্বাচনী লড়াই।
বরিশাল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮২ হাজার তিনশ' ৬৮, আর নারী ভোটার এক লাখ ৭৫ হাজার আটশ' ৭৭ জন।