লক্ষ্মীপুর-৩: সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী

সুষ্ঠু পরিবেশ না থাকা ও কালো টাকার ছড়াছড়ির অভিযোগ তুলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মুহাম্মদ রাকিব হোসেন।

বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের ঝুমুর এলাকায় নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

রাকিব বলেন, সারাদেশে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্মীপুরের সাধারণ মানুষ নির্বাচন থেকে বিমুখ হয়ে পড়েছে, শুধুমাত্র বিশেষ সুবিধাভোগী কিছু লোক নির্বাচনের মাঠ সরগরম রেখেছে ।

লক্ষ্মীপুর-৩ আসনে অন্য প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মিয়া গোলাম ফারুক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তার (ট্রাক), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মাহাবুবুল করিম (হাতুড়ি), তৃণমূল বিএনপির মো. নাইম হাসান (সোনালী আঁশ) ও বাংলাদেশ জাতীয় পার্টির আবদুর রহিম (কাঁঠাল)।

১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনটিতে ১২৫টি ভোটকেন্দ্র রয়েছে। এখানে ৪ লাখ ৩ হাজার ৭৪৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২ লাখ ৯ হাজার ৯০ জন পুরুষ, ১ লাখ ৯৪ হাজার ৬৫২ নারী ও একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

রাকিব অভিযোগ করেন, নির্বাচনে কালো টাকার ব্যপক ছড়াছাড়ি হচ্ছে। কালো টাকার প্রভাবে কেন্দ্রে এখন এজেন্ট দেওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় আমার  পোস্টার ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছে। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তা কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই সুষ্ঠ পরিবেশ না থাকায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক মহিউদ্দিন খোকন, সাহিত্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন এমরান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন খান, সদস্য মিনহাজুর রহমান বিন্তু, পৌর জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক মো. সালাহ্ উদ্দিন খোকনসহ অন্যরা।