ফরিদপুরে নৌকা-ঈগল সমর্থকদের সংঘর্ষ, এক কেন্দ্রে ভোট স্থগিত

ফরিদপুর-৩ আসনের  রনকাইল ও রামৃঝন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় এই দুইটি কেন্দ্রে ঈগল এবং নৌকা প্রতীকের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছে তিনজন। রোববার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

এর আগে নিজের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেন ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ। সকালে, হিতৈষী স্কুলকেন্দ্রে ভোট দিয়ে এ অভিযোগ করেন তিনি।

তিনি জানান, আলীপুরের কবিরবাগ স্কুলের ভোটকেন্দ্র থেকে ঈগল প্রতীকের পোলিং এজেন্টকে বের করে দেয় নৌকার সমর্থকরা। এসময় কেন্দ্র দখলের চেষ্টা করে তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শুরু হয় ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠু হলে, বিজয়ী হবেন বলে আশা করেন, এ কে আজাদ।

পরিস্থিতি খারাপ হলে রনকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ বন্ধ রাখা হয় সকাল ১০.২০ থেকে। 

ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাফিজ ইমতিয়াজ জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী আইন-শৃঙ্খলার সবগুলো বাহিনী এখানে এসেছে এবং তারা বলছে আর কিছুক্ষণের মধ্যে ভোট শুরু করা যাবে। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত শামীম হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ (ঈগল), জাতীয় পার্টির এসএম ইয়াহিয়া (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের এমএ মুঈদ হোসেন (ডাব), বাংলাদেশ সুপ্রিম পাটির দেলোয়ার হোসেন (একতারা) এবং জাতীয়তাবাদী আন্দোলনের গোলাম রাব্বানী খান (নোঙ্গর)।