সাভারের আশুলিয়ায় ডাকাতদলের গুলিতে কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপারা এলাকার আমির দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নিরাপত্তাকর্মীর নাম আব্দুল কাদের (৫৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বাসিন্দা। কুটুরিয়া এলাকার ‘নীট ২০০৭ লিমিটেড’ কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন তিনি। তারা মাথা ও গলাসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
পোশাক কারখানার মালিক দেওয়ান আসাদুজ্জামান মামুন জানান, আমির দেওয়ানের বাড়ির পিছনের গ্লীল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাতদলের বেশ কয়েকজন সদস্য। পরে আমির দেওয়ান ও ডাকাতের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় আমির দেওয়ানের ভাই মজিবর দেওয়ান বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে তার ছেলে জানালা দিয়ে ডাকাতদের দেখতে পান। পরে তার বাড়ির সামনে ওই নিরাপত্তাকর্মীকে দেখে গুলি ছোড়ে ডাকাতরা। এসময় নিরাপত্তা কর্মী আহত হলে তাকে সাভার এনাম মেডিকেলে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে নিলে মারা যান তিনি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ওই এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে বলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে শুনছি। এ বিষয়ে ওসি স্যার বলতে পারবেন।
আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদকে বেশ কয়েকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভড করেননি।