উপকূলীয় জেলা সাতক্ষীরায় জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। রোববার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে শনিবার সাতক্ষীরায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. জুলফিকার আলী রিপন বলেন, সাতক্ষীরায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, এ জেলায় হাড় কাঁপানো শীত আরও ১০/১৫ দিন স্থায়ী হবে।
শীত ও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা। সেই সঙ্গে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষরা বের হলেও শীতের কারণে তারা পড়েছেন চরম দুর্ভোগে।