পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরের কুশিয়ারা নদীর পাড়ে বসেছে দুইশ' বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের সমাহার ঘটেছে এ মেলায়। আর শীত উপেক্ষা করে এই মাছ দেখতে ও কিনতে ভিড় করছেন ক্রেতারা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল নতুন বাজারে মাছের মেলায় উঠেছে প্রায় ৬০ কেজি ওজনের বাঘাইর। বিক্রেতা এর দাম চাইছেন ৬০ হাজার টাকা। এই মাছ ঘিরেই ক্রেতা আর দর্শনার্থীদের ভিড়।
শ্রীমঙ্গলের মতই শনিবার রাত থেকে মাছের মেলা বসে কুশিয়ারা নদীর পাড়ে শেরপুরে। এখানেও উঠেছে ৪০ কেজির বাঘাইর, ২৫ কেজির চিতল, ১৮ কেজির বোয়ালসহ নানা জাতের দেশি মাছ। বিভিন্ন হাওর আর নদ-নদী থেকে আনা এসব মাছ দেখতে আর কিনতে দূরদূরান্ত থেকে এসেছে মানুষ।
আগে শুধু বৃহত্তর সিলেট এলাকার মাছেই জমতো শেরপুরের এই মেলা। দিনদিন এর প্রচার বাড়ায় গত কয়েক বছর ধরে দূরের জেলা থেকেও মাছ আসছে মেলায়।
পৌষ সংক্রান্তি উপলক্ষে কুশিয়ারার তীরের শেরপুরে পূজা দিতো হিন্দু ধর্মাবলম্বীরা। এর পাশেই বিক্রি হতো মাছ। ধীরে ধীরে একদিনের এই ছোট্ট বাজার হয়ে উঠে বিশাল পরিসরের মাছ মেলা।
মাছের মেলার আয়োজক কমিটির আহবায়ক তাহের উদ্দিন বলেন, আমাদের সিলেট বিভাগের লন্ডন-আমেরিকার প্রবাসীরাও এই বাজার থেকে মাছ কিনে নিয়ে যান।
শেরপুরের এই মাছের মেলা শনিবার রাতে শুরু হয়ে শেষ হয় রোববার সন্ধ্যায়। আর শ্রীমঙ্গলের মেলা রোববার ভোরে শুরু হয়ে চলবে দুইদিন।