পাবনার চাটমোহর উপজেলায় লাবনী খাতুন (৩৫) ও রিয়াদ হোসেন (৮) নামে মা ও শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে রাতের কোনো এক সময়ে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
নিহত লাবনী খাতুন ও রিয়াদ হোসেন দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী-সন্তান। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফৈলজানা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। কারও সঙ্গে শত্রুতা ছিলো না তাদের। কে বা কারা তাদের এভাবে হত্যা করা হয়েছে সেটি প্রশাসন ভালো বলতে পারবেন।
স্থানীয় মেম্বার মো. নান্নু বলেন, ওই বাড়িতে ওই মহিলা, তার শিশু ছেলে ও শাশুড়ি বসবাস করতেন। বাড়ির ভবন তৈরি কাজ চলছে। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো টাকাপয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। ওই নারীর মরদেহ রান্নাঘরে পড়ে ছিলো এবং ছেলেটির মরদেহ পাশের একটি গাছে ঝুলছিল।
যোগাযোগ করা হলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে আছি। আমাদের কাজ চলমান আছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।