নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় ছিনতাইকারীর হাতে ২ জন খুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশেকে মোস্তফা নামের এক শ্রমিক খুন হয়েছেন। নিহত মোস্তফা একটি ববিনের কারখানায় (সুতা) শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি ময়মনসিংহ সিরতা গ্রামের নবী হোসেনের ছেলে।  

বুধবার (১৪ জুলাই) ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী এলাকায় এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান এলাকাবাসীর বরাতে জানান, ভোরে কাজ শেষ করে আমজাদ ভূইয়ার টেক্সটাইল মিলের সামনে দিয়ে মোবাইলে কথা বলতে বলতে বাসায় ফিরছিলেন মোস্তফা। এ সময়  সিএনজি যোগে কয়েকজন ছিনতাইকারী এসে তার ব্যবহৃত ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তার সঙ্গে ধস্তাধস্তি এক পর্যায়ে ছুরিকাঘাত করে মোবাইলটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ। 

এদিকে, ফতুল্লা সদর উপজেলার বক্তবলী ইউনিয়নের রাজাপুর গ্রামে রবিন নামে এক চালককে হত্যার পর অটোরিক্সাটি নিয়ে যায় ছিনতাইকারীরা। দুপুরে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি মুন্সিগঞ্জ জেলার আবদুল কালাম ছেলে। 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, দুপুরে মরদেহটি একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আরও পড়ুন: শেরপুরে গৃহবধূ ধর্ষণ, সালিস থেকে পালালো ধর্ষক

ধারনা করা হচ্ছে অটোরিক্সাটি ছিনতাইয়ের কবলে পরে। ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তির এক পযার্য়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পুকুরে ফেলে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় অটোরিক্সাসহ একজনকে আটক করেছে পুলিশ।


একাত্তর/আরবিএস