জানুয়ারি থেকে বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে যত রোগী আক্রান্ত হয়েছেন তার থেকে অনেক বেশি রোগী শনাক্ত হয়েছেন চলতি জুলাই মাসের ১৬ দিনে। যা রীতিমতো উদ্বেগজনক বলে মত বিশেষজ্ঞদের।
শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গুর বিস্তার ও সুস্থ রোগীর একটি পরিসংখ্যান পাওয়া যায়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩১৮ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৩১৪ জন আর বাকি চারজন ঢাকার বাইরের হাসপাতালে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৩ জন। তাদের সবাই ঢাকার।
চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন আর চলতি জুলাইয়ে ১৬ তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৮৬ জন।
অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩৭২ জন আর মধ্য জুলাই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৮৬ জন। যা কিনা জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট রোগীর সংখ্যা ছাড়িয়ে প্রায় দ্বিগুণের কাছাকাছি।
আরও পড়ুন: গুলিস্তানে ট্রাকচাপায় দুই হোটেল কর্মচারী নিহত
ডেঙ্গুতে রোগী বাড়ছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন বলেন, জুন মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৭১ জন। যা এখন বেশ বেড়েছে। ঢাকায় আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। কিন্তু ঢাকার বাইরেও ধীরে ধীরে রোগীর সংখ্যা বাড়ছে।
একাত্তর/আরএ