গাজীপুরের তিন সড়ক এলাকায় স্টাইল ক্রাফট পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে আবারো আন্দোলনে নেমেছে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা।
দাবি আদায়ের লক্ষে শনিবার (১৭ জুলাই) সকালে কর্মবিরতি করে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে তারা। দুপুর ১২টার দিকে বৃষ্টি নামলে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া সড়ক অবরোধের কারণে বিকল্প সড়কে যানবাহন চলাচল করে।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, স্টাইল ক্রাফট কারখানার বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০০ কর্মকর্তা ও কর্মচারীর ৭ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া অন্তত চার হাজার শ্রমিকের চলতি মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে। কয়েকদিন ধরে আন্দোলন চললে ও মালিক পক্ষের সাথে বেতন ভাতা পরিশোধ নিয়ে কোনো সমাধান না হওয়ায় শনিবার সকাল আবারো আন্দোলনে নেমে সড়ক অবরোধ করে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা।
শিল্প-পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আরও পড়ুন: করোনায় ২৪ ঘণ্টায় ৬ জেলায় ৭১ মৃত্যু
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করছে শ্রমিকরা। মালিক-পক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
একাত্তর/আরএ