রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাবা, মেয়ে ও ছেলের মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলার আজিজ সরদারের বাসস্ট্যান্ডের পাশে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১৯ জুলাই) দিবাগত রাত সোয়া বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চর শহিদপুর এলাকার বাসিন্দা মো. ইসহাক, তার ১৪ বছর বয়সী মেয়ে শিলা ও ৫ বছর বয়সী ছেলে আব্দুল মালেক। নিহত ইসহাক সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, কুষ্টিয়া জেলার বাসিন্দা ইসহাক তার পরিবারের সদস্যদের নিয়ে ঈদে ঢাকা থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তাদের সিএনজি পাংশার সরদার বাসস্ট্যান্ড এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তিনজন।

আরও পড়ুন: পাঁচ বছরে পাঁচ গুণ বেড়েছে বিদেশি জাতের গরুর চাহিদা

ওসি আরও জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ইসহাকের স্ত্রী। তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটকের পাশাপাশি ট্রাকটি জব্দের চেষ্টা করা হচ্ছে।


একাত্তর/আরএ