চাঁপাইনবাবগঞ্জে সড়কে দুর্ঘটনায় নিহত এক, আহত চার

চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ আঞ্চলিক সড়কের কলাবাড়িতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত এবং ৪ জন আহত হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি একই উপজেলার তারিফ আলীর ছেলে রাকিবুল ইসলাম (৬৫)। এ ঘটনায় আহতরা হলেন আজিজ (৪০), মহসিন, (৬০), বিলকিস (৩০) এবং আনিকা (০৬)।

শিবগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আলোমগীর  কবির জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। একজনকে মৃত অবস্থায় আনা হয়, তিনজনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

শিবগঞ্জ  থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শিবগঞ্জ উপজেলার কলাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশা কানসাট অভিমুখে আসার সময় সোনা মসজিদগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিক্সার যাত্রী রাকিবুল ঘটনাস্থলে নিহত এবং এ ঘটনায় চারজন আহত হয়। ঘাতক ট্রাক ও এর  হেলপারকে  আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন হয়েছে।