টাঙ্গাইলে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, নিহত দুই

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন প্রাইভেটকারের আরও দুই যাত্রী। 

রোববার সকাল ৮টায় মহাসড়কের আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সকালে তিন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। টাঙ্গাইলের আশিকপুর বাইপাস এলাকায় পৌঁছলে অজ্ঞাত কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকার চালক নিহত হন।

পরে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।