রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত এক

রাজবাড়ীতে দাড়িয়ে থাকা পাট বোঝাই একটি  ট্রাকে গ্যাস বহনকারী অপর একটি ট্রাকের ধাক্কায় দিলিপ শিকদার নামে এক সহকারির মৃত্যু।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের আহম্মদ আলী মৃধা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের সহকারি দিলীপ শিকদার যশোর জেলার বাঘারপাড়া উপজেলার আন্দুল বাড়িয়া গ্রামের রনজিৎ শিকদারের ছেলে।

রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) একেএম আছাদুজ্জামান জানান, রাত সাড়ে বারোটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপর রাজবাড়ীমুখি একটি পাট বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল।  কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গ্যাস বহনকারী অপর ট্রাকটি পাট বোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। 

এসময় গ্যাস বহনকারী ট্রাক চালকের সহকারি গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত ট্রাক চালকের সহকারিকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।